আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি আদর্শ হলো না ইমরুল কায়েসের। ভারত সফরের টেস্ট দলে ফেরা ওপেনার জাতীয় লিগের ম্যাচে ব্যর্থ হলেন দুই ইনিংসেই। ম্যাচ অবশ্য জমে উঠেছে দারুণ। আবদুর রাজ্জাকের অসাধারণ বোলিং ও মেহেদি হাসানের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের পরও নিশ্চিত নয় খুলনার জয়। সম্ভাবনায় সমান্তরালেই আছে রংপুর। মিরপুরে জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচটিতে জিততে চতুর্থ দিনে খুলনার প্রয়োজন ৭৩ রান, রংপুরের প্রয়োজন ৫ উইকেট। সমীকরণে একটু এগিয়ে রাখা যায় হয়তো খুলনাকে, তবে স্বীকৃত ব্যাটসম্যানদের শেষ জুটি এটিই। দ্রুত একটি উইকেট পড়লেই আবার ম্যাচ হেলে পড়বে রংপুরের দিকে। সোমবার ম্যাচের তৃতীয় দিনে রংপুর নিজেদের দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২১১ রানে। প্রথম ইনিংসের ৭ উইকেটের সঙ্গে রাজ্জাক দ্বিতীয় ইনিংসে যোগ করেন আরও ৫টি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৬০০ উইকেট ছোঁয়ার ম্যাচটিতে খুলনার অধিনায়ক ১২ উইকেট নিলেন ১৪০ রানে। ব্যাট হাতে আট নম্বরে নেমে সেঞ্চুরির পর মেহেদি অফ স্পিনে নিয়েছেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ৯ রানে এগিয়ে থাকা খুলনার সামনে শেষ ইনিংসে লক্ষ্য দাঁড়ায় ২০৩। দিন শেষ করেছে তারা ৫ উইকেটে ১৩০ রান নিয়ে। ৪ উইকেটে ৬৭ রান নিয়ে সকালে দিন শুরু করেছিল রংপুর। দিনের শুরুতেই হারায় তারা অধিনায়ক সাজেদুল ইসলামকে। ৬৯ রানে ৫ উইকেট হারানো দলকে টেনে তোলেন নাসির হোসেন ও আরিফুল হক। ষষ্ঠ উইকেটে ১১২ রানের জুটি গড়েন এই দুজন। খুলনা অধিনায়কের কপালে যখন চিন্তার ভাঁজ, আরিফুলকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন মেহেদি। মাত্র ৩ চারে ১৩৪ বলে ৫৮ রান করেন আরিফুল। জুটি ভাঙার পর রংপুর উইকেট হারাতে থাকে নিয়মিত। ৭৬ রান করা নাসিরকে ফেরান রাজ্জাক। লোয়ার অর্ডারে দাঁড়াতে পারেননি কেউ। ৩২ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় তাদের ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০তম বারের মতো ৫ উইকেট পান রাজ্জাক, ম্যাচে ১০ উইকেট পেলেন ১১ বার। দুটিই বাংলাদেশের রেকর্ড। রান তাড়ায় খুলনা বড় ভরসা ইমরুলকে হারায় শুরুতে। প্রথম ইনিংসে ৬ রানের পর অভিজ্ঞ ব্যাটসম্যান এবার করেছেন ৩। তিনে নামা এনামুল হক পাল্টা আক্রমণে বাড়াচ্ছিলেন রান। তবে পারেননি খুব বেশিদূর এগোতে। ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রান করা ব্যাটসম্যানকে ফেরান সোহরাওয়ার্দী শুভ। এই বাঁহাতি স্পিনার এরপর দ্রুত আরও ৩ উইকেট নিয়ে লড়াইয়ে এগিয়ে নেন রংপুরকে। ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় খুলনা। তবে লড়াইয়ের শেষ নয় সেখানেই। খুলনার স্তিমিত হয়ে আসা আশা আবার জেগে ওঠে মেহেদি হাসান ও জিয়াউর রহমানের ব্যাটে। ষষ্ঠ উইকেটে দুজনর ৬২ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ হয়েছে দিন। দুজনই অপরাজিত ৩০ রানে। ম্যাচ দাঁড়িয়ে রোমাঞ্চকর মোড়ে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ২২৪
খুলনা ১ম ইনিংস: ২৩৩
রংপুর ২য় ইনিংস : ৭৬.৫ ওভারে ২১১ (আগের দিন ৬৭/৪) (সাজেদুল ০, নাসির ৭৬, আরিফুল ৫৮, ধীমান ০, রিশাদ ১, রবিউল ৩*, মুকিদুল ৬; হালিম ৯-৩-১৭-১, জিয়াউর ৪-০-১১-০, রুবেল ৭-০-২৭-১, রাজ্জাক ২৭.৫-১-৭১-৫, মইনুল ১৬-০-৪৯-০ তুষার ১-১-০-০, মেহেদি ১২-৩-৩০-৩।
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ২০৩) ৩৮ ওভারে ১৩০/৫ (ইমরুল ৩, ইমরান ২৫, এনামুল ৩৪, তুষার ০, সোহান ২, মেহেদি ৩০*, জিয়াউর ৩০*; রবিউল ৯-২-২৬-০, মুকিদুল ১০-৩-৩২-১, রিশাদ ৯-১-৪২-০, সোহরাওয়ার্দী ১০-১-২৭-৪)।