বরগুনার আমতলী উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের ধান ক্ষেত থেকে গরু ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদারের (৫৫) লাশ উদ্ধার করেছে আমতলী পুলিশ। ঘটনা ঘটেছে সোমবার দুপুরে।
জানাগেছে, উপজেলার পশ্চিম কলাগাছিয়া গ্রামের গরু ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদার রোববার বিকেলে বাড়ী থেকে গরু ক্রয়ের জন্য গোজখালী বাজারে যায়। এরপর আর সে বাড়ীতে ফিরেনি। রাতে বাড়ীতে না ফেরায় স্বজনা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সোমবার সকাল ১১ টার দিকে একই গ্রামের বৃদ্ধ ইউনুস সিকদার ধান ক্ষেতে ইব্রাহিম হাওলাদারের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও লাশের পাশে একটি চাকু ও ব্যবহৃত লাইট উদ্ধার করেছে। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।
নিহত ইব্রাহিম হাওলাদারের ভাই ইদ্রিস হাওলাদার বলেন, গতকাল বিকেলে বাড়ী থেকে গোছখালী বাজারে যায়। রাতে সে ফিরে আসেনি। তার মোবাইল ফোন বন্ধ পাই। ওই রাতে তাকে খোজাখুজি করে পাইনি। সোমবার ১১ টার দিকে তার লাশ ধান ক্ষেতে পরে থাকার খবর পাই। তিনি আরো বলেন, আমার ভাই গরুর ব্যবসা করতো। সে কারণে তার কাছে সব সময়ই টাকা থাকতো। ধারনা করা হচ্ছে টাকার জন্য ভাইকে হত্যা করা হয়েছে।
আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।