দিনাজপুরে বীরগঞ্জে সোমবার বেলা সাড়ে ১১টায় পৌরশহরের বিজয় চত্বর সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে সাংবাদিক মোঃ আবেদ আলী ও মোঃ মোশারফ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিজপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এম.এ খালেক সরকার, ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আবদুল সাত্তার, তরুণ লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, খায়রুল ইসলাম সহ আরও অনেকে।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, সাংবাদিক মোঃ আবেদ আলী ও মোঃ মোশারফ হোসেন ইউপি চেয়ারম্যান এম.এ আবদুল খালেক সরকারের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চেয়ারম্যান তাদের চাঁদার দাবিকৃত টাকা না দিতে পারায় আবেদ আলী তাঁর সহযোগী সাংবাদিক মোশারফ হোসেনের পরামর্শে আবেদ আলীর ফেসবুক আইডিতে নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এম এ আবদুল খালেক সরকার-কে জড়িয়ে মিথ্যা একটি ধর্ষনের সংবাদ পোষ্ট দেন। এ বিষয়ে বীরগঞ্জ থানায় চেয়ারম্যান এম এ আবদুল খালেক সরকার বাদী হয়ে বীরগঞ্জ থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে (তথ্যপ্রযুক্তি) একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২০, তাং-২৪/১০/২০১৯ ইং এর-২৫ (ক) (খ)/২৯/৩১/৩৫ ধারা। এই মোতাবেক বীরগঞ্জ থানা পুলিশ, সাংবাদিক মোঃ আবেদ আলী ও মোঃ মোশারফ হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। তারা গ্রেফতার হওয়ার পরে এলাকাবাসী বর্তমানে শান্তিতে রয়েছে। তাদের জামিন না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।