বোরো, আমন ও রবি শষ্যের ক্ষেতে কৃষকের স্বপ্নে আঘাত হানে অতীব ক্ষুদ্র প্রাণী ইঁদুর। দেশের উৎপাদিত ফসলের ১২ থেকে ১৫ লাখ টন খাদ্য শষ্য ক্ষুদ্র প্রাণী ইঁদুর বিনষ্ট করে। যে খাদ্য শষ্য দেশের ৬০ লাখ মানুষের খাবার চাহিদা মেটাতে পারতো।
কৃষি বিভাগের তথ্যমতে, ইদুরের বিষয়ে কৃষকদের সচেতনতার পাশাপাশি ইঁদুর নিধনে সরকার কৃষি অধিদপ্তরের মাধ্যমে সমন্বিত উদ্যোগ গ্রহন করেছে। তবুও ইঁদুর নিধনে কৃষকরা কৃষি ক্ষেতের ফসল রক্ষায় ক্ষেতে বৈদ্যুতিক তার দিয়ে মরন ফাঁদ ব্যবহার করছে। এতে ইঁদুর নিধনের ফাঁদে পরে অসাবধানতাবসত কৃষকদের যেমন মৃত্যু হচ্ছে, তেমনি সাধারণ মানুষও মারা যাচ্ছেন। এছাড়াও এ মরন ফাঁদ ব্যবহার করে পরিকল্পিত হত্যাকান্ডের অভিযোগ পাওয়া যাচ্ছে। পূর্বে ফসলের ক্ষেতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ইঁদুর নিধন তেমনটা না থাকলেও বর্তমানে কৃষকের ক্ষেতে ইঁদুরের অত্যাচার দিন দিন বৃদ্ধি পাওয়ায় নিরুপায় হয়েই কৃষকরা ক্ষেতে বিদ্যুত সংযোগ দিয়ে ইঁদুর নিধন করছেন।
সূত্রমতে, বিগত কয়েক বছরের ব্যবধানে সারাদেশের ন্যায় বরিশালের বিভিন্ন উপজেলায় বোরো ও আমন মৌসুমে ফসলের ক্ষেতের ইঁদুর নিধন করতে গিয়ে কৃষকের পাশাপাশি কৃষি ক্ষেতে রাখা বৈদ্যুতিক তারে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। এ ছাড়া গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামের মুক্তিযোদ্ধা হারুন-অর রশিদের একমাত্র পুত্র লালন সরদারকে ইঁদুরের জন্য পাতা ফাঁদে ফেলে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগও উঠেছিলো। কিন্তু সঠিক প্রমানের অভাবে বিচার পায়নি ওই মুক্তিযোদ্ধা পরিবার।
সর্বশেষ গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার আজাহার বেপারীর আমন ক্ষেতে ইঁদুর নিধনের জন্য পাতা বিদ্যুতের ফাঁদে পরে প্রাণ হারিয়েছে নাজমুল ইসলাম নামের এক যুবক। আগামি এক সপ্তারের মধ্যে কর্মস্থলের সুবাধে ফ্রান্সে যাওয়ার কথাছিলো মৃত নাজমুলের। অনাকাঙ্খিত এসব মৃত্যুতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুক্তভোগী পরিবার অপরদিকে একটু অসাবধানতার কারণে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক পরিবার।
ইঁদুর নিধনের পদ্ধতি ॥ কীটতত্ত্ব বিভাগ, ব্রি, গাজীপুরের দুই বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোফাজ্জল হোসেন ও মোঃ মোসাদ্দেক হোসেনের তথ্যমতে, আমন মৌসুমের ভাদ্র থেকে মধ্য কার্তিক মাস ইঁদুর দমনের উপযুক্ত সময়। কারণ এ সময়ে মাঠে ইঁদুরের সংখ্যা কম থাকে। জমিতে পানি থাকায় ইঁদুর মাঠের উঁচু স্থানে, সড়ক, বাঁধ, পুকুরের পাড়, ধানের জমির পাশে অবস্থান করে। এ সময় আমন ফসল ক্ষতি করার আগেই ইঁদুর মারতে পারলে এদের সংখ্যা বৃদ্ধি কম হয় এবং ফসলের ক্ষতিও অনেক কম হয়ে থাকে। ধান রোপণের সময় ও রোপণের ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ধানের জমি ও আশপাশের এলাকার ইঁদুর দমনের ব্যবস্থা নেয়া উচিত।
সূত্রমতে, সড়ক ও মহাসড়কের ইঁদুরের নতুন গর্তে, ফসলের মাঠে, পুকুর পাড়ের গর্তে, ফসলের মাঠের উঁচুস্থানে, ঘরবাড়ির ও আশপাশের ইঁদুরের নতুন গর্তে, জমিতে যখন পানি থাকে ও ধানে থোড় আসার আগে ইঁদুর দমন করতে হবে। রাস্তাঘাটের ইঁদুর মাঠের পানি সরে গেলে আমন ক্ষেতে ঢুকে পড়ে এবং বিপুল ক্ষতি করে। তাই জমির পাশে রাস্তার ও উঁচু জায়গার ইঁদুর জমিতে প্রবেশ করার আগেই মেরে ফেলা উচিত। মাঠে ফসস বৃদ্ধির সাথে সাথে ইঁদুর প্রজনন প্রক্রিয়াও চালাতে থাকে। তাই ফসলের থোড় ও পাকা অবস্থায় ইঁদুর দমন ব্যবস্থা ততোটা কার্যকর হয়না। কারণ এ সময় মাঠে ইঁদুরের সংখ্যা অত্যধিক বেড়ে যায়। ইঁদুরের ক্ষতির মাত্রা বেশি হলেই কেবল ইঁদুরের উপস্থিতি বুঝা যায়, তখন দমন ব্যবস্থা ততোটা কার্যকরী হয়না। কারণ মাঠের ফসল রেখে ইঁদুর বিষটোপ খেতে চায়না এবং দমন খরচ অনেক গুণ বেড়ে যায়।
কিভাবে ইঁদুর দমন করা যায় ॥ ইঁদুরের ক্ষয়ক্ষতির ধরন, এর ব্যাপকতা ও দমন প্রক্রিয়া অন্যান্য বালাই থেকে সম্পূর্ণ আলাদা ও কৌশলগত। তাই স্থান কাল পাত্রভেদে কৌশলের সঠিক ও সমন্বিত দমন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ইঁদুর দমন করতে হবে। এতে করে ফসলের ক্ষয়ক্ষতি, ইঁদুর বাহিত রোগ ও পরিবেশ দূষণের মাত্রা কমানো সম্ভব হবে। তবে ইঁদুরকে সঠিকভাবে মোকাবেলা করার জন্য সম্মিলিতভাবে এগিয়ে আসা একান্ত প্রয়োজন। সবাই মিলে একযোগে বেশি জায়গার ইঁদুর মারলে ফসল রক্ষা পায় ও ইঁদুরের সংখ্যা পরবর্তীতে বাড়তে পারেনা। এজন্য সরকারীভাবে বছরের একটা নির্দিষ্ট সময়ে ইঁদুর নিধন অভিযান পরিচালনা করা হয়ে থাকে। ইঁদুর দমনের পদ্ধতিকে তিন ভাগে ভাগ করেছেন ওই দুই কর্মকর্তা।
অরাসায়নিক পদ্ধতিতে ইঁদুর দমন ॥ গর্ত খুঁড়ে ইঁদুর বের করে মেরে ফেলা, ইঁদুরের গর্তে পানি ঢেলে ইঁদুর বের করে মেরে ফেলা, ইঁদুরের গর্তে মরিচের ধোঁয়া দিয়ে বের করে মেরে ফেলা, ক্ষেতের আইল চিকন (যেমন-৬ থেকে ৮ ইঞ্চি) রেখে ক্ষেতে ইঁদুরের প্রকোপ কমানো যায়, বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করে, একই এলাকার ধান ফসল একই সময়ে লাগানো ও কর্তন করা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে ইঁদুরের প্রকোপ কমানো যায়, বাড়িঘর ও ক্ষেতের আশপাশের ঝোপঝাড়, জলাশয়ের কচুরিপানা পরিষ্কার রাখা, ধান ক্ষেতের চারদিকে এক মিটার উচ্চতায় পলিথিন দ্বারা ঘিরে রাখা, আগে পাকে এমন স্বল্প জীবনকালের ধান (যেমন-ব্রি-ধান-৬২) চাষ করে একে ফাঁদ ফসল হিসেবে ব্যবহার করে ইঁদুর দমন করা, বিভিন্ন যান্ত্রিক উৎপীড়ক (রিপেলেন্ট) যেমন-জমিতে ভিডিও ফ্লিম টানিয়ে, মানুষের প্রতিকৃতি জমিতে দিয়ে অথবা আল্ট্রা শব্দ সৃষ্টি করে জমি থেকে সাময়িকভাবে ইঁদুরকে সরিয়ে রাখা যায়। এছাড়াও ইঁদুর তাড়ানোর নতুন পদ্ধতি হিসেবে আমন ধান ক্ষেতে পলিথিনের ঝান্ডা উড়িয়ে সুফল পাচ্ছেন কৃষক। বাতাসের কারণে পলিথিনের পত পত শব্দ করে উড়ে আর ইঁদুর মনে করে কেউ আসছে, তাই ভয়ে পালিয়ে যায়। বেশি সময় ধরে একই উৎপীড়ক ব্যবহার করলে এর কার্যকারিতা কমে যায়।
এছাড়া তিন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করেও ইঁদুর নিধন করা যায়। এ ধরনের বিষটোপ ইঁদুর একবার খেলেই কয়েক ঘণ্টার মধ্যে মারা যায়। গমে মিশ্রিত জিংক ফসফাইড বিষটোপ এর মধ্যে সর্বাধিক পরিচিত। এজন্য জিংক ফসফাইড ছাড়া শুধু গম কয়েকদিন দিয়ে অভ্যাস করে হঠাৎ একদিন জিংক ফসফাইড মিশ্রিত গম প্রদান করতে হবে। পাশাপাশি যদি মৃত ইঁদুরগুলো সরিয়ে ফেলা না হয় তবে বিষটোপ লাজুকতা (বিষটোপ খেয়ে ইঁদুর মরে পড়ে আছে, এটা দেখে জীবিত ইঁদুরের ওই বিষটোপের প্রতি খাওয়ার অনীহা) দেখা দিতে পারে।
দীর্ঘমেয়াদী বিষটোপ ॥ এ ধরনের বিষটোপ ইঁদুর খেলে সাথে সাথে মারা যায়না। ইঁদুরের শরীরে বিশেষ প্রতিক্রিয়া হয় এবং কিছু দিন অর্থাৎ ২ থেকে ১৪ দিন পর মারা যায়। এ ক্ষেত্রে ল্যানির্যাট, স্টর্ম, ব্রমাপয়েন্ট, ক্লের্যাট ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। দীর্ঘমেয়াদী বিষটোপ রক্তের জমাটবাঁধার প্রক্রিয়াকে ব্যাহত করে। ফলে ইঁদুরের দেহে কোনো কারণে সৃষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ ক্ষতের জন্য অনবরত রক্তক্ষরণ হতে থাকে এবং ধীরে ধীরে দুই থেকে ১৪ দিনের মধ্যে ইঁদুর দুর্বল হয়ে গর্তের মধ্যে মারা যায়।
বিষটোপ কোথায় প্রয়োগ করতে হবে ॥ ইঁদুর নতুন মাটি বের করেছে এরূপ সচল গর্তের ভেতরে বিষটোপ দিতে হবে। একটি গর্তে অনেক মুখ থাকতে পারে তবে যে গর্তের মুখে নতুন মাটি পাওয়া যাবে শুধু সেই গর্তের ভেতর বিষটোপ দিতে হবে। একটি গর্তে জিংক ফসফাইডের বিষটোপের একটি টুকরো অথবা বড়ি প্রয়োগের পর গর্তের সব মুখ ভালোভাবে বন্ধ করতে হবে। ল্যানির্যাট ছোট পাত্রে বা মোটা কাগজের পোটলা তৈরি করে সচল গর্তের মুখে রাখতে হবে। এ ছাড়া বিষ গ্যাস বড়ি মরণ গ্যাস উৎপন্ন করে। ইঁদুরের গর্তে বিষাক্ত অ্যালুমিনিয়াম ফসফাইড বড়ি দিয়ে গর্তের মুখ ভালো করে বন্ধ করে দিলে ইঁদুর মারা যায়। এজন্য নতুন সচল গর্তে গ্যাস বড়ি দিয়ে আশপাশের সব গর্তের/নালার মুখ মাটি দিয়ে শক্ত করে বন্ধ করে দিতে হবে।
জৈবিক পদ্ধতিতে ইঁদুর দমন ॥ জৈবিক পদ্ধতি হলো অন্য জীবের সাহায্যে দমন। ইঁদুরভোজী প্রাণীদের রক্ষা এবং বংশবিস্তারের যথাযথ ব্যবস্থা করলে পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ইঁদুর সমস্যা অনেকাংশে কমে যায়। পেঁচা, শিয়াল, বেজি, বন বিড়াল, সাপ, গুঁইসাপ, বিড়াল জাতীয় প্রাণীর প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরাইল, জর্ডান, মালয়েশিয়া ও হাঙ্গেরির মাঠ ফসলে ইঁদুর দমনে পেঁচার ব্যবহার করা হচ্ছে। এজন্য তারা পেঁচার প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণের পাশাপাশি এর প্রজনন ও প্রতিপালন কার্যক্রমকে কৃষক পর্যায়ে উৎসাহিত করছে। বিভিন্ন গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, একজোড়া পেঁচা চার মাসের একটি প্রজনন চক্রে চার থেকে ছয়টি বাচ্চার লালন-পালনে ৫০-৭০ গ্রাম ওজনের প্রায় ৩০০০ থেকে ৫০০০ পর্যন্ত ইঁদুর ভক্ষণ করতে পারে। পেঁচা নীরবে-নিভৃতে ইঁদুর দমন করে মাঠের ফসলের ক্ষতির হাত থেকে রক্ষা করছে। তাই জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদের সংরক্ষণ ও বংশবিস্তারের সুযোগ করে দিতে পারলে ইঁদুরের বংশবিস্তার থেকে রক্ষা পাওয়া যাবে।
বরিশালের কৃষক বন্ধু উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বলেন, কৃষি বিজ্ঞানীদের এসব পরামর্শ কৃষক পর্যায়ে যথাযথ বাস্তবায়ন করতে পারলে প্রান্তিক কৃষকরা ফসলের ক্ষেতে আর বৈদ্যুতিক মরন ফাঁদ ব্যবহার করবেনা। ফলে রক্ষা পাবে কৃষকসহ সাধারণ মানুষের জীবন।