পটুয়াখালী-আমতলীর মহাসড়কে ডাকাতি মামলার চার আসামীর রিমান্ড মঞ্জুর করেছেন আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন। রোববার এ রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।
জানাগেছে, পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের দক্ষিণ পাশে গাছের গুড়ি, সিমেন্টের স্লাব ফেলে সড়ক আটকে বিআরটিসি পরিবহন, ট্রাক, পিকআপ, নসিমন ও মোটর সাইকেলে গত ২০ অক্টোরব দিবাগত রাতে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দেশীয় অস্ত্র দিয়ে লোকজনকে পিটিয়ে তাদের সর্বস্ব নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতে আবুল কালাম বাদী হয়ে আমতলী থানায় ডাকাতি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ নিজাম, আল আমিন, মিলন গাজী, মোকলেসুর রহমান ও ওসমান হাওলাদারকে গ্রেফতার করে। এ পাঁচ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন আসামি নিজাম, আল-আমিন, মোকলেসুর রহমানকে এক দিন এবং মিলন গাজীকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন,পাঁচ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছি। আদালতের বিচারক তিন জনকে এক দিন করে এবং একজনকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।