যশোরে মাদক কারকারিদের হামলায় আহত মাহবুব আলম টুটুল (২২) কলেজ ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। চিকিৎসক তাকে ঢাকায় রেফারের নির্দেশ দিয়েছেন। আহত টুটুল শহরের বকচর বকুলতলার মাকসুদ আলমের ছেলে ও সরকারি সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত টুটুল জানিয়েছেন, বকচর বকুলতলায় একটি চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছিলো। তিনি প্রতিবাদ করায় ওই চক্রের সাথে বিরোধ হয়। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় মাদক সিন্ডিকেটের সদস্য আসাদ, শামীম ওরফে হারিয়া, শুভ, শাহিন, সবুজ, সিরাজুল, রকিসহ আরো কয়েকজন তার উপর হামলা চালায়। এ সময় মাদক দুর্বৃত্তরা তাকে লোহার রড ও হকিস্টিক দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে শনিবার তাকে ঢাকায় রেফার করার নির্দেশ দেয়া হয়েছে।