স্থানীয় মাছ চাষীদের জন্য দুই দিনব্যাপী ”আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ও পরিচর্যা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)।
কর্মশালায় বিশ্ববিদ্যালয় এলাকার মহাবলিপুর, কর্ণাই, সুভ্রাসহ কয়েকটি গ্রামের ৩০জন কৃষক অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে ওই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ এ- ট্রেনিং (আই.আর.টি)।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বর্তমানে হাবিপ্রবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জন্যই নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের উপর স্থানীয় গরিব মানুষের কিছু আশা আছে এবং বিশ্ববিদ্যালয়েরও কিছু দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই কৃষক ও মাছ চাষীদের জন্য এ ধরণের কর্মশালার আয়োজন করা। ইতোমধ্যে গত সপ্তাহে স্থানীয় কৃষকদের জন্য শীতকালীন সবজি চাষের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সামনে ধাপে ধাপে সকলের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
আই. আর. টি এর পরিচালক প্রফেসর ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক প্রমুখ।