যশোরে ট্রাকের ধাক্কায় আবদুর রশিদ (৪৬) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর শহরের বকচর র্যাব অফিসের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবদুর রশিদ যশোর উপশহর আলিম মাদরাসায় শিক্ষকতা করতেন। তিনি শহরের খড়কি কবরস্থান এলাকার আবুল কাসেমের ছেলে।
উপশহর আলিম মাদরাসার শিক্ষক মফিজুর রহমান বলেন, এদিন বেলা ১১টার দিকে শিক্ষক আবদুর রশিদ বাইসাইকেলে মুড়লি যাচ্ছিলেন। পথে বকচর র্যাব অফিসের পাশে বিপরীতমুখি একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমিয় দাশ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।