সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদকাসক্তি, ইভটিজিং, স্মার্টফোনের অপব্যবহার, গুজবের কুফল প্রভৃতি বিষয়ে সচেতন ও সংবেদনশীল করার লক্ষ্যে আয়োজিত স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নলতা মাধ্যমিক বিদ্যালয়। ‘গুজব নয় যুক্তি নির্ভর প্রজন্ম গড়ি’ স্লোগানে অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেলের কার্যালয় ও কালিগঞ্জ থানার তত্ত্বাবধানে বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় নলতা অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘বাল্যবিয়ে রোধে আইনের কঠোর প্রয়োগই যথেষ্ঠ’ বিষয়ের পক্ষে বিতর্কে অংশগ্রহণ করে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক আবু রায়হান, সাবিকুন নাহার (উর্মি) ও ফাতিমা তুজ জোহরা এবং বিপক্ষে অংশ নেয় সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক আফরিন সুলতানা, শারমিন আহম্মদ ও শ্রেয়া সরকার। প্রতিযোগিতায় ৭৭ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে নলতা মাধ্যমিক বিদ্যালয় এবং ৭৬.৫ নম্বর পেয়ে রানার্সআপ হয়েছে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক মনোনীত হয়েছে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা শারমিন আহম্মদ। মডারেটরের দায়িত্ব পালন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু। বিচারক ছিলেন সহকারী পুলিশ সুপার (প্রবি.) রাকিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ। সময় নির্ণায়ক ছিলেন উজ্জীবনী ইনস্টিটিউটের সহকারী শিক্ষক মোহমুদুন নবী ও হিসাবরক্ষকের দায়িত্ব পালন করেন রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার কর্মকর্তা ইনচার্জ দেলোয়ার হুসেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোনায়েম, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারাফ হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকদের হাতে ট্রফি, বই, ক্রেস্ট, পদক ও সনদ তুলে দেন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ প্রশাসন আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।