খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ধান-চাল ক্রয় করার ব্যাপারে কোন অনিয়ম হলে ছাড় দেয়া হবে না, কৃষকরা ধানের ন্যায্য মূল্য পায় সে জন্য সরকার সারাদেশে পেডি সাইলো নির্মাণ করছে। এর মধ্যে ২৫টি হবে রংপুরে। এতে করে কৃষকরা যতোই ভেজা ধান দিক, সরাসরি সাইলো ফেনিং মেশিনে ঘণ্টার মধ্যেই শুকিয়ে রাখা যাবে। ফলে আমরা একই ধরনের চাল পাবো যা বিদেশে রফতানি করা যাবে। আমাদের দেশ এখন আর মঙ্গাপীড়িত নয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
বুধবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন আমন সংগ্রহ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এসব কথা বলেন।
এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কাহারোলে ঐতিহাসিক স্থাপত্য কান্তজীউ মন্দির এবং কান্তজীউ মন্দিরে প্রবেশ সড়ক দ্বীপে সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দলোনের বিপ্লবীদের স্মরণে স্মারক ভাস্কর্য তেভাগা চত্বর পরিদর্শন করেন।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি কান্তজীউ মন্দিরে পৌছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মনোরঞ্জন শীল গোপাল এমপি। পরে খাদ্যমন্ত্রীকে কান্তজীউ মন্দিরে শুভাগমন সংবর্ধনা প্রদান করেন কাহারোল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর দেশে কোন মানুষ না খেয়েই থাকে নি। প্রতিটি মানুষের জন্য খাদ্য, বাসস্থান নিশ্চিত করেছে। বিগত ভয়াবহ বন্যায় হওয়ার পরও প্রতিটি মানুষ শান্তিতে আশ্রয়স্থলে গিয়েছে। নিরাপদ সরকার শেখ হাসিনা সরকার।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোরঞ্জনশীল গোপাল এমপি, জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. নাজমানারা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, চেম্বারের সভাপতি সুজাউর রব চৌধুরী, সাবেক সভাপতি মোছাদ্দেক হোসেনসহ অন্যান্যরা।