দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এক ইউপি সদস্য আদালতে মামলা দায়ের করেছে। এজাহারে ওই ঘটনাটি গত ১৩ অক্টোবর রোববার দুপুর আড়াইটায় সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে জানা গেছে, উপজেলার সাইতাড়া ইউনিয়নের ইউপি সদস্য নুর ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিসে কাজ শেষে ফেরার পথে উপজেলা পরিষদ গেটে পৌঁছামাত্র উপজেলা যুবলীগ সভাপতি সুমন দাসের নির্দেশে মদন চন্দ্র, মনির হোসেন, মিজানুর কালিয়া ও মোস্তাফিজার লাল নামে কয়েকজন যুবলীগ কর্মী তাকে মারধর করে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ওই ইউপি সদস্য গত ১৭ অক্টোবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৪ এ মামলা দায়ের করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক পরবর্তি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এ ঘটনার বিষয়ে উপজেলা যুবলীগ সভাপতি সুমন দাসের কাছে মুঠোফোনে জানতে চাইলে সে জানায়, আমি ঘটনার বিষয়ে জানিনা। তবে মামলা হয়েছে এটা জানি। আমি ঘটনার সঙ্গে কোন ভাবেই জড়িত নই। দলের ছেলেরাও জড়িত ছিলনা। যতদূর শুনেছি ওই ধরনের কোন ঘটনা ঘটেইনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি তদন্ত এবং রুজু না করে প্রতিনিয়ত যুবলীগের নেতৃবৃন্দকে চরম হয়রানী করছে। প্রতিনিয়ত তাদের বাড়িতেসহ রাস্তাঘাটে ধাওয়া করছে। সুমন দাস আরো জানায়, মামলা দায়েরের পর বিষয়টি গোপন থাকায় প্রথমে আমরা বুঝতে পারিনি। ওসি মামলাটি রেকর্ড করলে আমরা আদালতে জামিন প্রার্থনা করব।
উপজেলা গেটের সম্মুখের পান দোকানদার আবদুল মালেক, হোটেল মালিক নিতাই চন্দ্রসহ কয়েকজন দোকানদার বলেন, আমরা এ ধরনের ঘটনা দেখি নাই। হয়তবা ওই সময়ে আমরা দোকানে ছিলাম না। এ বিষয়ে গতকাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মাহবুবুর রহমানের মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।