জামে মসজিদের নাম ব্যবহার করে আত্মসাতের জন্য কৌশলে কতিপয় ব্যক্তির দখল করা সরকারী সম্পত্তি মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কের ফুল্লশ্রী এলাকার।
সরকারী সম্পত্তি উদ্ধার করা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বী জনকণ্ঠকে জানান, ফুল্লশ্রী মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের সরকারের খাস খতিয়ানভুক্ত ২৪ শতক জমি রয়েছে। ওইজমির মধ্যে সরকারী মহাসড়কের পাশে অবৈধভাবে কতিপয় ব্যক্তি কৌশলে ‘জামে মসজিদ নবমী’ নামের একটি মসজিদের ঘর স্থাপন করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পরবর্তীতে সেখানে থাকা সরকারী সম্পত্তি বেদখল করে মসজিদের নামে সাইনবোর্ড টানিয়ে অবৈধভাবে সরকারের সম্পত্তির আকার ও আকৃতি পরিবর্তন করে পুকুর বানিয়ে মৎস্য চাষ প্রকল্প গড়ে তোলে।
তিনি আরও জানান, নির্মিত ওই মসজিদ ঘরে নিয়মিত নামাজ পড়া না হলেও ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোন থেকে ১ দশমিক ৯১ শতক সম্পত্তির ওপর স্থাপন করা মসজিদ ঘরের পাশাপাশি আরও পাঁচ শতক সম্পত্তি ছেড়ে দিয়ে বাকি ১৪শতক সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। দখলমুক্ত করা ওই সম্পত্তিতে লাল ফিতা দিয়ে সরকারী সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়েছে।