নগরীর উত্তরাঞ্চলের নারী শিক্ষার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান মোফাজ্জল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি দীর্ঘ ১৮ বছরেও এমপিওভুক্ত না হওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে বালিকা বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন, সমাবেশ, মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে শত শত শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয়র ম্যানেজিং কমিটির সিনিয়র সদস্য আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে বক্তারা বলেন, নারী বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে নারীদের শিক্ষায় অগ্রাধিকার দেয়া হচ্ছে। সেখানে নগরীর উত্তরাঞ্চলের নারী শিক্ষার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানটিকে এমপিওভূক্তর তালিকা থেকে বরাবরেই উপেক্ষা করা হচ্ছে। তাই দ্রুত এ বিদ্যালয়কে এমপিওভুক্ত করার জন্য আমরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জোর দাবি করছি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ নেতা ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হুসাইন, প্রধানশিক্ষক গাজী হারুন, শিক্ষিাকা ফরিদা ইয়াসমিন, খাদিজা আক্তার সুমা প্রমুখ। শেষে একই দাবিতে মিছিল সহকারে নেতৃবৃন্দরা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
বিগত পাঁচবছরের পরিসংখ্যানে দেখা গেছে, মোফাজ্জল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে প্রতিবছর কমপক্ষে ৫০ জন ছাত্রী জেএসসি ও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় শতভাগ সফলতা অর্জন করেছে। এ বিদ্যালয়টি জেএসসি ও নিবন্ধন পরীক্ষাসহ সকল সরকারী নিয়োগ পরীক্ষার কেন্দ্র। ২০০১ সালে ৬৮ শতক জমির উপর দুইতলা বিশিষ্ট দুইটি ভবনের এ বিদ্যালয়ে বর্তমানে তিনশতাধিক ছাত্রী অধ্যয়নরত রয়েছে।