দিনাজপুরের চিরিরবন্দরে ৩ সন্তানের জননীকে স্বামী কতৃক পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ ঘাতক স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। এ ঘটনাটি সোমবার উপজেলার আব্দুলপুর ইউনিয়নেরে রসুলপুর গ্রামের ডাঙ্গাপাড়ায় দুপুর সাড়ে ১২ টা হতে আনুমানিক ১ টার মধ্যে ঘটেছে।
প্রতিবেশিগণ জানান, নিহত জ্যোৎস্না বেগমের (২৫) স্বামী মিজানুর রহমান প্রায়ই বিভিন্ন কারণে তার স্ত্রীকে মারধর করত। এরই ধারাবাহিকতায় গতকাল ২৮ অক্টোবর সোমবার ভাত রান্না না করার অপরাধে বেদম মারধর করে। একপর্যায়ে স্ত্রী অসুস্থ হয়ে পড়লে ভ্যানে করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে নিহতের ৮ম শ্রেণির পড়-য়া মেয়ে জানান, সকালে বাড়িতে জ্বালানী খড়ি না থাকায় মা ভাত রান্না না করলে বাবা মায়ের কথাকাটি শুরু হয়। আমরা ভাইবোনগুলি মুড়ি খেয়ে স্কুলে যাই এবং স্কুল হতে ফিরে কান্নায় ভেঙ্গে পড়ি।
চিরিরবন্দর থানার এস আই আতোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করি। দুই গালে থাপ্পরের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রকৃত ঘটনা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। স্থানীয় জনতা স্বামী মিজানুরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মামলার মোড় জানা যাবে। এ ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।