দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার ওরফে রিতা (১৬) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। এ আত্মহত্যার ঘটনাটি সোমবার ভোরে ফজর নামাজের সময় উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের ঘুনিপাড়ায় ঘটেছে। নিহত রিতা মো. শহিদুল ইসলামের মেয়ে ও ইছামতি মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, ওই সময় রিতা ও তার মা ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে জেগে ওঠে। এরপর তার মা অন্যঘরে নামাজ আদায় করতে থাকে। এ সুযোগে রিতা তার পড়নে ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই জয়ন্ত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সে আত্মহত্যা করেছে। পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।