সিনিয়র ছাত্রীরা জুনিয়রদের বিভিন্নভাবে র্যাগিং করার বিষয়টি সম্প্রতি সময়ে ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিলো ভূক্তভোগি এক ছাত্রী। এতে ক্ষুব্ধ হয়ে কতিপয় সিনিয়র ছাত্রীরা শিক্ষার্থী আমেনা আক্তারকে ডেকে মারধর করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এতে অভিমান করে আমেনা আক্তার নামের ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন।
তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো বিষয়টির তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়েছে। র্যাগিংয়ের ঘটনাটি ঘটেছে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্রী হোস্টেলে।
রোববার সকালে তদন্ত কমিটি গঠনের সত্যতা স্বীকার করে আইএইচটি অধ্যক্ষ ডাঃ সাইফুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাতে আইএইচটি ক্যাম্পাসে ফিজিওথেরাপি অনুষদের দ্বিতীয়বর্ষের ছাত্রী আমেনা আক্তার র্যাগিংয়ের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে র্যাগিং ও আত্মহত্যা চেষ্টার ঘটনা তদন্তে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ডাঃ শুভাঙ্কর বাড়ৈকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠণ করা হয়েছে। আগামি সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, হোস্টেলের ফিজিওথেরাপি অনুষদের তৃতীয় বর্ষের সিনিয়র ছাত্রীরা দ্বিতীয় ও প্রথম বর্ষের ছাত্রীদের বিভিন্নভাবে র্যাগিং করে আসছিলো। এ বিষয়ে সস্প্রতি সময়ে একটি ফেসবুক গ্রুপে পোস্ট দেন আমেনা আক্তার। বিষয়টি সিনিয়র ছাত্রীদের নজরে আসার পর তারা চরম ক্ষুব্ধ হয়। এর জেরধরে শুক্রবার দিবাগত রাতে ফিজিওথেরাপি অনুষদের তৃতীয় বর্ষের ছাত্রী লামমিমের নেতৃত্বে কয়েকজন ছাত্রীরা আমেনা আক্তারকে ডেকে মারধর করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
এতে অভিমান করে নির্যাতনের শিকার আমেনা আক্তার মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। রুমমেটরা মুমূর্ষ অবস্থায় আমেনাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
আইএইচটি ছাত্রী হোস্টেলের সহকারী সুপার সুবোধ রঞ্জন মন্ডল বলেন, একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে এ ঘটনা ঘটেছে বলে আমেনা আক্তার অভিযোগ করেছে। তবে অভিযুক্ত শিক্ষার্থীরা বলেন, আমেনা আইএইচটি ক্যাম্পাসের বদনাম করে ওই স্ট্যাটাসটি দিয়েছিলো। এজন্য লামমিমের নেতৃত্বে কয়েকজন ছাত্রী আমাকে ডেকে নিজ ক্যাম্পাসের বিরুদ্ধে অপপ্রচারের কারণ জানতে চায়। পরে এনিয়ে কথার কাটাকাটি হয়। আইএইচটি অধ্যক্ষ ডাঃ সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত যেই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।