নানা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট। অতঃপর তাদের দাবিগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেনে নেওয়া! এ নিয়ে মাঠের বাইরেও বেশ উত্তাপ ছড়ায় দেশের ক্রিকেটাঙ্গন। আপাতদৃষ্টিতে ঝামেলা মিটে গেলেও ক্রিকেটারদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে বোর্ডের টানাপোড়েন যে রয়েই গেছে তা স্পষ্ট হয়ে উঠেছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের সাথে ‘নিয়মবহির্ভূত’ চুক্তি করায় সাকিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা।
ক্রিকেটারদের দাবি আন্দোলন চলার সময়েও ২৩ অক্টোবর গ্রামীণ ফোনের সঙ্গে শুভেচ্ছা দূত হিসেবে একটি চুক্তি করেন সাকিব। ডিজিটাল সমাজ নির্মাণে সবাইকে উজ্জীবিত করাই হবে তার কাজ। তবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির অভিযোগ, এই চুক্তি করার ক্ষেত্রে বোর্ডের নিয়ম ভঙ্গ করেছেন সাকিব।
নিয়ম অনুযায়ী, বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিভুক্ত কোনো ক্রিকেটার যেকোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি করতে চাইলে বোর্ডের কাছ থেকে বাধ্যতামূলকভাবে এনওসি বা অনাপত্তিপত্র নিতে হবে। গ্রামীণফোনের সঙ্গে চুক্তির আগে সেটি নেননি সাকিব। এমনকি বোর্ডকে এ ব্যাপারে কোনো তথ্যও অবহিত করেননি বাংলাদেশ দলের অন্যতম সেরা এই পারফরমার।