ভারত সফরের আগে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে না থাকলেও অনুশীলনে ছিলেন ওপেনার ইমরুল কায়েস। সাকিবের না থাকা ও ইমরুলের থাকার মধ্যে অবশ্য কোনো যোগসূত্র নেই। ইমরুলকে রাখা হয়েছে তামিম ইকবালের ‘ব্যাক আপ’ হিসেবে। পারিবারিক কারণে তামিমের টি-টোয়েন্টি সিরিজে না থাকার শঙ্কা আছে খানিকটা। শেষ পর্যন্ত তিনি না গেলে ভারতে যাবেন ইমরুল। এজন্যই প্রস্তুত রাখা হচ্ছে তাকে। সাকিবের অনুপস্থিতি নিয়ে ধোঁয়াশা ছিল অনেকটা সময়। মাঠে আসা নির্বাচক হাবিবুল বাশার নিজেও ছিলেন আঁধারে। দল সংশ্লিষ্ট অনেকের কাছ থেকেও পাওয়া যাচ্ছিল না স্পষ্ট কোনো ধারণা। পরে কোচ রাসেল ডমিঙ্গো নিশ্চিত করেছেন, অসুস্থতার কারণে আসতে পারেননি সাকিব। অনুশীলনে যোগ দেবেন শনিবার থেকে। তামিম মাঠে এলেও অনুশীলন করেননি। পাঁজরের চোটের কারণে শুরুর দিনে তার অনুশীলন না করা নিশ্চিত ছিল আগে থেকেই।