ভারত সিরিজের ক্যাম্প শুরু হবে আগামি শুক্রবার থেকে। তার আগে জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শুরু হবে। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে কিছুটা চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে করে ক্রিকেটারদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি। বোর্ড হার্ডলাইনে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। সঙ্গে আলোচনার পথ খোলা আছে বলেও জানানো হয়েছে।
ক্রিকেটাররা আলোচনার জন্য বিসিবির কাছে না গিয়ে বরং সংবাদ মাধ্যমের কাছে গেছে বলে তারা ক্ষুব্ধ হয়েছেন। সমস্যা সমাধানের জন্য বোর্ড পরিচালকরা নিজেরাই ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বলে জানা গেছে। তবে ক্রিকেটাররা তাদের ফোন ধরছেন না। কাল দুপুরে বিসিবির সংবাদ সম্মেলনে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। কেউ ফোন ধরছে না।
তবে বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তারা। বুধবার বিকেল পাঁচটায় ক্রিকেটাররা বিসিবির কার্যালয়ে আসছেন। তাদের সঙ্গে সংকট সমাধানের ব্যাপারে আলোচনা হবে বোর্ড কর্মকর্তাদের। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ হয় বিসিবির।
বোর্ডের প্রধান নির্বাহি তামিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান সতীর্থদের সঙ্গে কথা বলে জানবেন তিনি। ক্রিকেটাররা যেখানে বসতে চায় বোর্ড কর্মকর্তারা সেখানেই বসবে বলেও উল্লেখ করেন বিসিবির সিইও।