“অধিকার আদায়ে আমরা একসাথে” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় ঔষদ কোম্পানী প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালাসহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) এর সদস্যরা মানববন্ধন করেছেন। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন হয় এবং দুপুর ২টায় পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।
কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য দেন ফারিয়ার সভাপতি মোঃ আশরাফুল হক সোহেল, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, সদস্য তানিয়া আক্তার, মাহাবুব হাসান শহিদ, আবু সাঈদ মন্ডল মোঃ আপেল মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তাঁদের কোনো সাপ্তাহিক ছুটি নেই। নেই চাকরির নিশ্চয়তা। বর্তমানে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে তাতে পরিবার-পরিজন নিয়ে জীবন চালানো দুরূহ হয়ে পড়েছে। বেতন বৃদ্ধি ছাড়া তাঁদের অন্য দাবিগুলো হচ্ছে, সরকারি নতুন বেতন স্কেল অনুয়ারী ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ এবং অন্যন্য ভাতাদি দেওয়া, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, রিপ্রেজেনটেটিভদের সংগঠনের সরকারি নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটিভোগের বিধান।