ইদুঁর ধরতে তার মতো পারদর্শী লোক পার্বতীপুরে খুব কমই আছেন। তিনি হলেন যোহান হাঁসদা। এবছর তিনি ৮০০ ইঁদুর ধরেছেন তার নিজস্ব কৌশলে। কৌশলটি হলো বাঁশের কঞ্চি ও সুতা দিয়ে তৈরী করা হয় ফাঁদ। টোঁপ হিসেবে ব্যবহার করা আলু। ইঁদুর আলু খেতে এসে আটকা পড়ে ফাঁদে। এভাবে চলতি মৌসুমে যোহান হাঁসদার ফাঁদে পড়ে এ পর্যন্ত মারা পড়েছে ৮০০ ইঁদুর। প্রতিদিন তিনি ৪ থেকে ৫টি করে ইঁদুর মারতে পারেন। তবে সাঁওতালদের উৎসব পার্বনে তারা এই ইঁদুর মারার কাজটি বেশি করে থাকেন। এক সময় প্রকৃতির সন্তান হিসেবে পরিচিত আদিবাসী-সাঁওতালদের প্রিয় খাবারের একটি হচ্ছে এই মেঠো ও গেছো ইঁদুর। ইঁদুর ধরা এই ফাঁদের কারিগর যোহান হাঁসদার বাড়ী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা গ্রামে।
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোহান হাঁসদার হাতে পুরস্কার তুলে দেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেযারম্যান মো: হাফিজুল ইসলাম প্রামানিক।
উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন, মহিলা ভাইসচেয়ারম্যান রুকশানা বারী রুকু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহিদুল ইসলাম ও সাজেদুর রহমান।
যোহান হাঁসদা বলেন, ইঁদুর হচ্ছে ফসল ও কৃষকের শত্র“ু। কৃষি কাজ করতে গিয়ে তিনি এটি বুঝতে পারেন। এরপর থেকে তিনি নিজস্ব কৌশলে ইঁদুর ধরা শুরু করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এবছর ইঁদুর প্রায় ৫শ’ কোটি টাকার ধান, চাল গম ও অন্যান্য ফসলের ক্ষতি সাধন করেছে। ইঁদুরের উপদ্রব এখন জাতীয় সমস্যা। ফসলসহ মানুষের সম্পদ রক্ষার্থে ইদুঁর নিধন কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রুপ দিতে হবে।