দিনাজপুর জেলার কাহারোল উপজেলার হাসুয়া মৌজার ১নং খাস খতিয়ান ভুক্ত ১০৬নং দাগের তামাহার পুকুর এবং পুকুর পাড়, ১৩১নং দাগের ক্ষেমাইদাম পুকুর, ১৫০নং দাগের সিদাহার পুকুর এবং ৩০১নং দাগের দুলাহার পুকুর যাহা সি,এস খতিয়ানে সর্ব সাধারনের ব্যবহারের জন্য রেকর্ডে রয়েছে। কিন্তু মির্জাপুর গ্রামের সালেহুর রহমান গংরা ষড়যন্ত্রমূলক ভাবে ৪টি পুকুর জোর পূর্বক দখল করে আসছে। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, ৪টি পুকুরে প্রায় ১২ একর ২৮ শতক জমি রয়েছে খাস। কিন্তু অজ্ঞাত কারণে ওই ৪টি পুকুর অদ্যাবধি প্রভাবশালী ব্যক্তিদের নিকট হতে উদ্ধার করতে পারেন নাই স্থানীয় প্রশাসন। এলাকাবাসী দিনাজপুর জেলা প্রশাসক, অতিরিক্ত দিনাজপুর জেলা প্রশাসক, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাহারোল সহকারী কমিশনার (ভূমি) সহ বিভিন্ন দপ্তরে পুকুর গুলি উদ্ধারের জন্য আবেদন করেছেন। এলাকাবাসী জানান, ওই ৪টি পুকুর প্রায় ৭০ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন মৎস্যচাষীর নিকট লিজ দিয়েছেন সালেহুর রহমান গংরা। এ ব্যাপারে সালেহুর রহমানের সঙ্গে আমাদের প্রতিনিধি যোগাযোগ করার চেষ্টা করেও তার দেখা পান নাই।