আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে আবেদনকারীকে ৫০ হাজার টাকা আদায় করে দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেকের নেতৃত্বে ও প্যানেল সদস্যদের সহযোগিতায় গ্রাম আদালতের নিরপেক্ষ ও সুষ্ঠু রায়ের পর অর্থ আদায়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালতের প্রতি আস্থা ফিরে এসেছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপি’র অর্থায়নে, বাংলাদেশ গ্রাম আদালত সক্রীয়করণ ২য় পর্যায় প্রকল্পের আওতায় আশাশুনি উপজেলার সকল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। এরই আওতায় ২নং বুধহাটা ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতে বুধহাটা গ্রামের ছকিনা খাতুন দেঃ ১/১৯ নং মামলা রুজু করেন। আবেদনকারী প্রতিবাদী একই গ্রামের দাউদ আলি সরদারের কাছে ধারের পাওনা বাবদ ৭৫ হাজার টাকা দাবি করে গত ২৯ জানুয়ারি দেওয়ানী মামলাটি দায়ের করেন। গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া অনুস্মরণ করে বুধহাটা ইউনিয়ন পরিষদে উভয় পক্ষের দু’জন করে মনোনীত প্রতিনিধি নিয়ে গ্রাম আদালত গঠন করা হয়। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে গ্রাম আদালত প্রতিবাদী দাউদ সরদারকে ১৪ মার্চ এর মধ্যে আবেদনকারী ছকিনা খাতুনকে ৫০ হাজার টাকা প্রদান করবে বলে সিদ্ধান্ত প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবাদী আবেদনকারীকে কোন টাকা প্রদান না করায় ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ অনুযায়ী গ্রাম আদালতের সিদ্ধান্তকৃত টাকা আদায়ের জন্য প্রতিবাদীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার্টিফিকেট কর্মকর্তা বরাবর ৮ এপ্রিল সার্টিফিকেট মামলা রুজু করা হয়। যার প্রেক্ষিতে প্রতিবাদীর নিকট থেকে দু’দফায় আদায় হওয়া (৪০০০০+১০০০০) ৫০ হাজার টাকা আবেদনকারী ছখিনা খাতুনের হাতে তুলে দেওয়া হয়েছে। পাওনা টাকা পেয়ে আবেদনকারী ছকিনা খাতুন বলেন, গ্রাম আদালত ছিল বলেই আমি অল্প সময়ের মধ্যে এবং স্বল্প খরচে আমার ন্যায্য পাওনা ফিরে পেলেছি।