বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শামীম বিল্লাহ ও মোয়াজ আবু হুরায়রার পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই আদেশ দেন।
এর আগে, তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির লালবাগ জোনের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শামীমকে গত শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে এবং মোয়াজকে শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
শামীম বিল্লাহ (২০) বুয়েটের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭ ব্যাচের ছাত্র। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ইছাপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে। মোয়াজ আবু হুরায়রা (২০) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের একই ব্যাচের ছাত্র। তিনি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার পিরপুর গ্রামের মাশরুর-উজ-জামানের ছেলে।
প্রসঙ্গত গত ৬ অক্টোবর (রবিবার) রাতে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শেরে বাংলা হলের নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
এ ঘটনায় ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে চারদফায় ১৬ জনকে পাঁচদিন করে রিমান্ডে পাঠান আদালত। অসুস্থ থাকায় মিজান নামে এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ডে থাকা অবস্থায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) ইফতি মোশাররফ সকাল, শুক্রবার (১১ অক্টোবর) মেফতাহুল ইসলাম জিওন ও শনিবার (১২ অক্টোবর) অনিক সরকার নামে ছাত্রলীগের তিন নেতা ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।