ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’। বিতর্কিত নানা ঘটনায় অতীতে অনেকবারই আলোচনায় এসেছে কালার্স চ্যানেলের এই শো। সম্প্রতি শুরু হয়েছে এর ১৩তম সিজন। এরইমধ্যে এটি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শোটির বিরুদ্ধে অশ্লীলতা প্রচারের অভিযোগ উঠেছে। বিগ বসের এবারের সিজনে বেড বয়ফ্রেন্ড ফরএভার (বিবিএফ) নিয়মটিতে অনেকেই নাখোশ হয়েছেন। এ নিয়মে প্রতিযোগী একজন স্থায়ী শয্যাসঙ্গী পেয়েছেন। মাহিরা শর্মা ও অসিম রিয়াজ জুটিকে নিয়ে মূলত বিতর্কের শুরু। মুসলমান ছেলের সঙ্গে হিন্দু মেয়ের বিবিএফ জুটি অনেকেই মেনে নিতে পারেননি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ নিয়ে চলছে সমালোচনা। অনেকে শো ও চ্যানেল বয়কটের অনুরোধ জানিয়েছেন। বিগ বস সঞ্চালনা করেন বলিউড সুপারস্টার সালমান খান। এ ধরনের শোয়ে থাকায় এ অভিনেতাও সমালোচনার মুখে পড়েছেন। যদিও প্রতিযোগীদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ ওঠেনি। এ নিয়ে কালার্স চ্যানেলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।