মাদক আইনে করা মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে তিনি ডিভিশন পাবেন। রোববার তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই কামরুল ইসলাম। অপরদিকে লোকমানের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান ভূইয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ সময় লোকমানের আইনজীবীরা কারাগারে তার বিশেষ সুবিধা তথা ডিভিশন চেয়ে আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী তার ডিভিশনের আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, মোট তিন দফা রিমান্ড শেষে লোকমানকে কারাগারে পাঠালেন আদালত। গত ৩ অক্টোবর তৃতীয় দফায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ৩০ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় দু'দিন ও ২৭ সেপ্টেম্বর প্রথম দফায় তার দু'দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।