রাজউকের চতুর্থ শ্রেণির কর্মচারীর ছেলে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। সেখান থেকে আজ দেশজুড়ে পরিচিত সম্রাটের নাম। সম্প্রতি ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর থেকেই আলোচনায় আসেন তিনি। আওয়ামী লীগ বড় বড় কর্মসূচিতে বিশাল নেতাকর্মীর বাহিনী নিয়ে উপস্থিত হতেন। অন্যদের থেকে নিজের নেতাকর্মীদের আলাদাভাবে পরিচিত করতে লাল, সবুজ টি শার্ট ও ক্যাপ পড়ানো থাকতো। এসব কর্মসূচিতে অঢেল টাকাও খরচ করতেন সম্রাট।
কাকরাইলের নিজ অফিসের নিচে দুঃস্থ মানুষদের জন্য নিয়মিত খিচুড়ি খাওয়ানো হত সম্রাটের পক্ষ থেকে। অভিযোগ আছে, দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, ক্যাসিনো থেকে পাওয়া বিপুল অর্থ থেকে এমন হাতভরে খরচ করতেন তিনি।
অভিযোগ আছে, কাকরাইলের আঞ্জুমান মুফিদুল ইসলামের নির্মাণাধীন বহুতল ভবনে চাঁদা না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছিলেন সম্রাট। এই দাতব্য প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহায়তা করে থাকেন।
সম্প্রতি ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর কাকরাইলে যুবলীগের কার্যালয়ে অবস্থান নেন। দিনরাত কয়েক শ নেতাকর্মী তার পাহারায় ছিল। গ্রেপ্তারের আশঙ্কায় এমন পাহারা বসানো হয়েছিল বলে জানা যায়। সেখানে বসে গ্রেপ্তার এড়াতে নানাভাবে চেষ্টা তদবিরও চালান। কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। রবিবার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাবের হাতে আটক হন।
জানা যায়, সম্রাটের রাজনৈতিক জীবন শুরু ১৯৯০ সালে। সেই সময়কার ছাত্রলীগের নেতা ছিলেন ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট। তখন সারাদেশে এরশাদবিরোধী আন্দোলন চলছিল। সম্রাট রমনা অঞ্চলে আন্দোলনের সংগঠকের দায়িত্বে ছিলেন। এ কারণে তখন নির্যাতনসহ জেলও খাটতে হয় তাকে। তখন থেকেই ‘সম্রাট’ খ্যাতি পান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর জন্ম ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর গ্রামে। তার বাবা ফয়েজ আহমেদ ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী। বাড়ি পরশুরামে হলেও সেখানে তাদের পরিবারের কেউ থাকেন না। বাবার চাকরির সুবাদে ঢাকায় বড় হন সম্রাট।
সম্রাটের বড় ভাই বাদল চৌধুরী ঢাকায় তার ক্যাসিনো ব্যবসা দেখাশোনা করতেন। ছোট ভাই রাশেদ ছাত্রলীগের রাজনীতি করেন। তার বাবা অনেক আগেই মারা গেছেন।
ক্যাসিনোবিরোধী অভিযানের পর সম্রাটের পরিবারের সবাই গা ঢাকা দেন। সম্রাট থাকতেন মহাখালীর বাসায়। সেখানে খোঁজ নিয়ে জানা গেছে গত কয়েক দিন ধরে তিনি বাসায় ছিলেন না। সম্রাট ১৯৯১ সালে ছাত্রলীগের রাজনীতি করাবস্থায় এরশাদ সরকারের পতনের পর ক্ষমতায় আসে বিএনপি সরকার। সে আমলে সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় যুবলীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিতি পান তিনি। ১/১১-এর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সময় সম্রাট যুবলীগের প্রথমসারির নেতা ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের পর নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসে। এরপর থেকেই রাজনৈতিকভাবে ক্ষমতাবান হতে থাকেন সম্রাট। যুবলীগের সবশেষ কাউন্সিলে তিনি যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হন। আগের কমিটিতে তিনি ছিলেন একই ইউনিটের সাংগঠনিক সম্পাদক। দক্ষিণ যুবলীগের প্রভাবশালী নেতা মিল্কীর হত্যাকাণ্ডের পর সম্রাটের আর পিছু তাকাতে হয়নি। মতিঝিল, ফকিরাপুল, পল্টন, কাকরাইল, বাড্ডা এলকায় অপরাধ জগতের একক আধিপত্য তৈরি করেন সম্রাট। তিনি ঢাকার শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদের সঙ্গে মিলে অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।
সম্রাটের ঘনিষ্ঠ দুই সহচর হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদক মমিনুল হক সাঈদ (কাউন্সিলর) ও সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। যুবলীগের অপর প্রভাবশালী নেতা জিকে শামীমও সম্রাটকে অবৈধ আয়ের ভাগ দিতেন। সাঈদকে কাউন্সিলর বানান সম্রাটই। পরে তাকে দিয়ে ক্যাসিনো ব্যবসা দেখভাল করাতেন সম্রাট।
পালাতে চেষ্ঠা করেন সম্রাট:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর দু’একদিন পরই ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ঢাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকতে তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। আজ দুপুরে র্যাব সদর দফতরে সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ দেশে সবাই সমান অধিকার ভোগ করবেন। আইন মেনে চলবেন। কেউ যদি আইন অমান্য করেন, বেআইনি কাজে লিপ্ত হন, তাকে শাস্তি পেতে হবে।’
য়েভাবে গ্রেভতার হলেন সম্রাট
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সহযোগী আরমানসহ তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হওয়া ক্যাসিনোবিরোধী অভিযানের শুরু থেকেই নজরদারিতে ছিলেন সম্রাট। মহানগরীতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা ও অবৈধ ক্যাসিনো ব্যবসাসহ আরও অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সম্রাটের অফিসে র্যাবের অভিযান
ক্যাসিনো সম্রাট খ্যাত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের কার্যালয়ে একটি পিস্তল, বিপুল পরিমাণ বিদেশি মদ ও দুটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়া গেছে এদিকে বন অধিদফতরে পরিদর্শক আবদুল্লাহ আস-সাদিক বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী অবৈধভাবে বন্যপ্রাণীর চামড়া সংরক্ষণ আইন-বহির্ভূত ও শাস্তিযোগ্য। এ আইনের ৩৪ এর ‘খ’ ধারা অনুযায়ী শাস্তি সর্বোচ্চ ছয় মাস ও এক লাখ টাকা জরিমানা। আটক সম্রাটের কার্যালয় থেকে দুটি ক্যাঙ্গারুর চামড়া পাওয়ায় বন অধিদফতরের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
যুবলীগ থেকে সম্রাট বহিষ্কার
আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। কেন্দ্রীয় যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু বিষয়টি নিশ্চিত করে বলেছেন, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সম্রাটকে বহিষ্কার করা হয়েছে।