রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে বিহারিরা। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার দুপুর একটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করার চেষ্টা করে ক্যাম্পবাসী। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনিসুর রহমান জানান, ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি জেনেভা ক্যাম্পবাসীর। সে টাকা পরিশোধ না করায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে সংশ্লিষ্ট সংস্থা। কিন্তু তারা বকেয়া বিল পরিশোধ না করে রাস্তায় নামে। বিক্ষোভ শুরু করে। পুলিশ বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।
জেনেভা ক্যাম্প সূত্রে জানা গেছে, অনেক দিন ধরেই জেনেভা ক্যাম্পে বিদ্যুতের লোডশেডিং চলছিল, যা সপ্তাহ খানেক ধরে আরও বৃদ্ধি পায়। এ ব্যাপারে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বকেয়া বিল পরিশোধ না করলে বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানায়।
পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।