আমতলীর খেকুয়ানি বাজারে শুক্রবার সকালে একটি বিরোধীয় জমি দখল নিতে হামলায় ৩ নারী সফুরা বেগম, নেহার বেগম ও রেহেনা বেগম আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানি বাজারের ২ শতাংশের এক খন্ড জমি নিয়ে শানু আকন তার ভাই ছালাম আকনের সাথে সুলতান হাওলাদার, ছোবাহান হাওলাদার ও ছত্তার হাওলাদারের মধ্যে দ্বন্দ চলে চলে আসছে। ৬ মাস পূর্বে বিরোধীয় ওই জমিতে সুলতান হাওলাদার নেতৃত্বে একটি ঘড় তোলা হয় কিন্তু শানু আকন ও ছালাম আকনের বাধার কারণে তারা ঘড়ে উঠতে পারেনি। ঘড়টি এতদিন তালাবদ্ধ ছিল। শুক্রবার সকাল ১০টায় ওই ঘড় দখল নিতে যায় সুলতান হাওলাদারের নেতৃত্বে ছোবাহান হওলাদার ও ছত্তার হাওলাদার। এ সময় শানু আকন ও ছালাম আকনের পক্ষে বাধা দেয় সফুরা বেগম (৭০), নেহার বেগম (৪০) ও রেহেনা বেগম (৪০)। এ সময় ওই ৩ নারীর উপর হামলা করে সুলতান হাওলাদার, ছত্তার হাওলাদার ও ছোবাহান হাওলাদার। হামলায় তারা আহত হন। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করেন।
আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ৩ নারী সামান্য আহত হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিরোধীয় জমির ঘড়টি ৬ মাস পূর্বে সুলতান হাওলাদারের লোকজন নির্মান করে। দ্বন্দের কারণে এতদিন তালাবদ্ধ ছিল আজ দখল নিতে গেলে ছালাম আকনের পক্ষে ৩ নারী বাঁধা দিলে তাদের সাথে ধাক্কাধাক্কি হয়। এর বাইরে কিছু ঘটেনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।