নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) ‘শীর্ষ নেতাসহ’ তিন সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
এই তিন জনের মধ্যে মো. আতিকুল্লাহ ওরফে আসাদুল্লাহ ওরফে জুলফিকার (৪৯) একসময় আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং সম্প্রতি দেশে ফিরে হুজিকে নতুন করে সংগঠিত করছিলেন বলে পুলিশের ভাষ্য।
গ্রেপ্তার বাকি দুজন হলেন- মো. বোরহান উদ্দিন রাব্বানী (৪২) ও মোহাম্মদ নাজিম উদ্দিন ওরফে শামীম (৪৩)।
কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, বুধবার বিকালে খিলক্ষেতের নিকুঞ্জ-২ আবাসিক এলাকার বড় মসজিদ সংলগ্ন মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
“তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার আদালতে হাজির করে ওই মামলায় তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ বলছে, হরকাতুল জিহাদ বাংলাদেশ গঠনের পর এ দলের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান ১৯৯৬ সালে যে কমিটি করেছিলেন, তাতে আতিকুল্লাহ ছিলেন সাংগঠনিক সম্পাদক। পরে তাকে বায়তুল মাল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
২০০৬ সালের শুরুর দিকে দুবাই হয়ে সৌদি আরবে গিয়ে আত্মগোপন করেন আতিকুল্লাহ। সাংগঠনিক কাজে তিনি একাধিকবার পাকিস্তানে গেছেন বলেও তথ্য পেয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা।