ফেঁসে গেলেন আওয়ামী লীগের আরও ১২ এমপি-মন্ত্রী, টিআইবি থেকে তিনদিনের মধ্যে আটকের আল্টিমেটাম' ও 'তারেক রহমানকে অপরাধী প্রমাণ করতে তের বছরে রাষ্ট্র ৪৫ হাজার কোটি টাকা খরচ করেছে: টিআইবি' শিরোনামে সামাজিক মাধ্যমে দুটি পোস্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নজরে এসেছে। টিআইবি'র সঙ্গে এই সংবাদসমূহের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মনজুর-ই-আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআইবি'র নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোতে গভীর উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্টদের এসব পোস্ট সরিয়ে নেওয়ার এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
টিআইবি জানিয়েছে, সংস্থাটির সমস্ত গবেষণার প্রতিবেদন এবং বিবৃতি সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া আছে। সুতরাং টিআইবি'কে উদ্ধৃত করে প্রচারিত মিথ্যা সংবাদের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
একইসঙ্গে টিআইবি'র ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ এবং টিআইবি কর্তৃক প্রেরিত মূল সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য বা মন্তব্যের বাইরে অন্য কোনো মতামত ও তথ্যের জন্য টিআইবি দায় নেবে না বলেও জানানো হয়েছে।