দুই দফা দাবী আদায়ের লক্ষ্যে নগরীতে আমরণ অনশন শুরু করছে ব্যাটারী চালিত রিকসা শ্রমিক ও মালিক সংগ্রাম কমিটি। বুধবার বেলা ১১টায় থেকে নগরীর সদর রোডের অশি^নী কুমার টাউন হল চত্বরে এই কর্মসূচি শুরু করা হয়। এ সময় জব্দকৃত অটো রিকসার ব্যাটারী ও মটর ফিরিয়ে দিয়ে বিকল্প কর্মসংস্থান করে দেওয়ার আহবান করা হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আয়োজিত কর্মসূচীর শুরুতে শ্রমিকরা নগরীতে মিছিল বের হয়ে অশি^নী কুমার টাউন হল চত্বরে জমায়েত হয়। এরপর তারা দুই দফা দাবীতে আমরণ অনশন শুরু করেছেন। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, যেসব শ্রমিকরা পায়ে সমস্যার কারণে প্যাডেল রিকসা চালাতে পারেন না এবং বয়স্ক তারাই ব্যাটারী চালিত রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এদের দেখা মাত্রই পুলিশ ব্যাটারী ও মটর জব্দ করে নিয়ে যাচ্ছে। গত দেড় মাস ধরে দুই কোটি টাকার ব্যাটারী ও মটর আটকে রাখা হয়েছে। এসব শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান না করে রিকসার ব্যাটারী ও মোটর আটক রাখায় পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। তার এসব গরীব শ্রমজীবীদের কথা চিন্তা করে দুই দফা দাবী মেনে না নেয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়া হবে বলেও বক্তারা ঘোষণা করেন।
আমরণ অনশন চলাকালীন অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি অধ্যক্ষ আকমো মিজানুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি আবদুর রাজ্জাক, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু প্রমুখ।