নিয়ম লংঘন করে কালিগঞ্জ-সাতক্ষীরা প্রধান সড়কের উপর দিয়ে অস্থায়ী স্থাপনায় বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কালিগঞ্জ জোনাল অফিসের ভারপ্রাপ্ত এজিএম (কম) মধুসুদন রায়ের বিরুদ্ধে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের উপর দিয়ে বৈদ্যুতিক তার বিপদজনক ভাবে অতিক্রম করানোর ফলে যে কোন মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ও প্রাণহানী ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিন জানা গেছে, কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের নলতা প্যারামেডিকেলের পাশে হাইওয়ে সড়কের উপর দিয়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় জনৈক মালেক হোসেনের নির্মিত অস্থায়ী ছাপড়া ঘরে বিদ্যুতের সংযোগ প্রদান করেছেন ভারপ্রাপ্ত এজিএম (কম) মধুসুদন রায়। গত ১৫ সেপ্টেম্বর এই সংযোগ প্রদান করা হয়। এরপর থেকে স্থানীয়দের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তারা জানান, হাইওয়ে সড়ক দিয়ে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। অজ্ঞাত কারণে ওই রাস্তা অতিক্রম করে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে। মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও বড় অংকর উৎকোচের বিনিময়ে ঝুঁকিপূর্ণ সংযোগ প্রদান করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর।
পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসে যেয়ে জানা যায়, বর্তমান ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান অসুস্থতাজনিত কারণে কয়েকদিন যাবত ছুটিতে রয়েছেন। এজিএম (কম) শরিফুল ইসলাম প্রশিক্ষণে থাকায় শ্যামনগর এরিয়ার বিলিং অফিসের এজিএম (কম) মধুসুদন রায় গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কালিগঞ্জ জোনাল অফিসে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ওই সংযোগটি প্রদান করেছেন।
এব্যাপারে জানতে চাইলে এজিএম (কম) মধুসুদন রায় বলেন, আমি কালিগঞ্জ জোনাল অফিসে ২১ দিন দায়িত্ব পালন করেছিলাম। প্রতিদিনই হাজার হাজার মিটার সংযোগ প্রদান করা হয়। সড়ক ক্রস করে মালেক হোসেন নামে কারও বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে কী না তা আমার স্মরণ নেই।