করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর সুতারপাড়া বাজার সংলগ্ন নরসুন্দা নদীতে সুবন্ধী ব্রীজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। এ উপলক্ষে গতকাল সাঁতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মো. আবদুস শহীদ মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র হাজী আবদুল কাইয়ুম, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, কাদিরজঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তারেক উদ্দিন আহমেদ আবাদ, কাদিরজঙ্গল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ছাইদুর রহমান, জাফরাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোনা মিয়া ও জাতীয় পার্টির জেলার সাংগঠনিক সম্পাদক আ. কাইয়ুম ভূঁইয়া প্রমুখ। পরে প্রধান অতিথি ৬ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজটির ভিত্তি প্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত চলতি বছরের ২০ জুলাই ”একটি সেতুর জন্য চারগ্রামের মানুষ দুর্ভোগে” শীর্ষক একটি সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় এবং অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছিলো। বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নুর দৃষ্টিগোচর হলে এ ব্রীজটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।