ঘুষ না পেয়ে আসামির স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামির মধ্যে আবদুল লতিফ বুধবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬১ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শার্শায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার তিন আসামিকে ১৭ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার আসামি আবদুল লতিফকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হুসাইনের আদালতের হাজির করা হয়। আসামি আদালতে ১৬৪ ধারায় ধর্ষণের ঘটনার জবানবন্দী প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের ইনসপেক্টর শেখ মোনায়েম হোসেন জবানবন্দীর তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে ৮ সেপ্টেম্বর যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হুসাইন আসামিদের প্রথম দফায় ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১১ সেপ্টেম্বর রিমান্ড শেষ হলে তদন্ত কর্মকর্তা গত ১৬ সেপ্টেম্বর ফের ৩ দিনের রিমান্ড প্রার্থনা করলে ১৭ সেপ্টেম্বর আদালত তাদের ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামে দু’সন্তানের জননী এক গৃহবধূ (৩০) পুলিশের এসআই খায়রুল আলম ও সোর্স কামরুজ্জামান ওরফে কামারুল কর্তৃক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। গত ২৫ আগস্ট ওই মহিলার স্বামীকে পুলিশ আটক করে। সেইসময় তাকে ছেড়ে দেয়ার শর্তে ৫০ হাজার টাকা দাবি করেন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খায়রুল আলম। টাকা না দেয়ায় তাকে ৫০ বোতল ফেনসিডিল দিয়ে মামলা দেয়া হয়।