পুত্র সন্তানের মা হওয়া নির্যাতিত সেই ১০ বছরের শিশুর ডিএনএ টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাত ৯টা ৩৬ মিনিটে যশোর জেনারেল হাসপাতাল থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো ৭১-১৩৫৬) তাকে ঢাকায় নিয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার এসআই সৌমেন কুমার দাস।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই শিশু মা ও তার ছেলের সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৌমেন কুমার দাস, কনস্টেবল সরোয়ার, নারী কনস্টেবল বিথি বিশ্বাস, মেয়ের বাবা, দাদা ও দাদীসহ রাত ৯টা ৩৬ মিনিটে ঢাকায় রওনা দেন। সিআইডি হেড কোয়ার্টারের ডিএনএন ল্যাবে ওই শিশু ও শিশু মায়ের পরীক্ষা নিরীক্ষা করা হবে। এ রিপোর্ট হাতে পাবার পরই সব কিছু পরিস্কার হবে বলে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে ওই শিশু মেয়েটি যশোর জেনারেল হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেয়। এরআগে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি হয়ে জেল হাজতে বন্দি রয়েছেন উপজেলার পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা গোলাম কিবরিয়া। ১০ বছরের ওই শিশু তার বাড়িতে কাজ করতো। এ সুযোগে তাকে প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন গোলাম কিবরিয়া। এ ঘটনায় দায়ের করা মামলায় আটক হলে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন গোলাম কিবরিয়া। ফলে মা ও শিশু পুত্রের ডিএনএ টেস্ট অত্যাবশ্যকীয় হয়ে উঠে। মামলাটি আদালতে চলমান। ফলে ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পর পুত্র সন্তানের পিতা কে এবং ওই শিশু মা ধর্ষিত হয়েছিল কিনা তা পরিষ্কার হওয়া যাবে।