আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে আবারও ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে এক মাসে ২৮টি গরু চুরির ঘটনা ঘটলো।
খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মাদার সরদারের পুত্র ওমর আলি সরদার রোববার সন্ধ্যায় তাদের গরু গোয়ালে উঠিয়ে রাখেন। এদিন গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা গোয়ালঘর হতে একটি গাভী ও একটি বাছুর গরু চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে তিনি গোয়ালে গিয়ে দেখেন গরু চুরি হয়ে গেছে। একদিন আগে খাজরা ইউনিয়ন থেকে আরও ৭টি গরু চুরি হয়েছে। এর আগে কাদাকাটি ও কুল্যা ইউনিয়ন হতে ১৯টি গরু চুরি হয়েছে। গরু চুরি করতে গেলে ইঞ্জিন ভ্যান বা পিকআপ, ট্রাকে করে নিতে হয়। রাতের বেলা চোরাই গরু নিয়ে যানবাহন কিভাবে নিরাপদে এলাকা ত্যাগ করছে সচেতন মহল ভেবে পাচ্ছেনা। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। কিন্তু চোর আটক বা চোরাই গরু উদ্ধার সম্ভব হয়নি।