একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে তুচ্ছ কারণে হাতকড়া পরানোর ঘটনায় মুক্তিযোদ্ধাদের দাবির মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনকে বাগেরহাটের শরণখোলা উপজেলায় বদলী করা হয়েছে। শনিবার সকালে বদলীর আদেশ পাওয়ার পর সরদার মোস্তফা শাহিন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর নিকট দায়িত্ব বুঝে দেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হাকিম জানান, বসতভিটার পানি অপসারণকে কেন্দ্র করে বিডিআর’র অবসরপ্রাপ্ত নায়েক কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলামকে গত ২ সেপ্টেম্বর ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন। জরিমানা অনাদায়ে তাকে একমাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। জরিমানার টাকা প্রদানের জন্য মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কিছুটা সময় প্রার্থনা করলে উপজেলা নির্বাহী ওই মুক্তিযোদ্ধার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং হাতকড়া পরিয়ে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে পুলিশের গাড়িতে তোলার নির্দেশ দেন। প্রতিবেশী মহিলারা এঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি তারা জরিমানার ৫ হাজার টাকা পরিশোধ করলে মুক্তিযোদ্ধার হাতকড়া খুলে দেয়া হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টির সুষ্ঠু নিরসনের জন্য গত ৪ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে জানান মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। জেলা প্রশাসক উভয়পক্ষকে নিয়ে আলোচনার জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য্য করেন। বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এসে দু’শতাধিক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে উভয়পক্ষের বক্তব্য শোনেন জেলা প্রশাসক। সমঝোতার একপর্যায়ে পূণরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তীব্র বাকবিতন্ডা সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত কোন প্রকার সমঝোতা ছাড়াই ইউএনও কে নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ছেড়ে জেলা প্রশাসক চলে যান। জেলা প্রশাসকের উপস্থিতিতে উগ্র মনোভাব প্রদর্শণ করায় উপজেলা নির্বাহী অফিসারকে শুক্রবার কারণ দর্শানোর নোটিশ দেন জেলা প্রশাসক। পরবর্তীতে শনিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর বদলীর আদেশের বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি কমান্ডার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন এর বদলীর আদেশের খবর জানার পর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসারের বদলী স্থগিত করে পূনর্বহালের দাবিতে শনিবার বেলা ১১ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যানের কন্যা সাফিয়া পারভীনের নেতৃত্বে সরকারি ভাতাভোগী নারীসহ কিছু মানুষ উপজেলা সদরের ফুলতলা মোড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।