নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে অতিথি চরিত্রে এর আগে পর্দায় হাজির হয়েছেন সময়ের আলোচিত মডেল, অভিনেত্রী নায়লা নাঈম। গত কোরবানির ঈদে কে এম নাঈমের পরিচালনায় ‘ড্যাশিং গার্লফ্রেন্ড’ নামের নাটকে অভিনয় করে বেশ সাড়া পান তিনি। এতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেন অ্যালেন শুভ্র। মাঝে বেশকিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছেন নায়লা নাঈম। সবশেষ ‘অন্ধকার জগত’ ছবির বিশেষ একটি গানে পারফর্মও করেছেন তিনি। তবে চলচ্চিত্রে নায়িকা হিসেবে কবে তাকে দেখা যাবে জানতে চাইলে গতকাল তিনি বলেন, চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ করার ইচ্ছে আমার আছে। কিন্তু এতে অনেক সময় লাগে। সে সময় আমার কাছে নেই বলে নায়িকা চরিত্রে অভিনয় করা হচ্ছে না।
একটা সময় বলিউড থেকেও কাজের প্রস্তাব পেয়েছিলাম। সেটাও সেসময় করিনি। দু-তিনদিনের কোনো কাজে হলে আমি করতে পারি। কারণ ঢাকার রামপুরা ও খিলগাঁও এলাকার দুটি চেম্বারে নিয়মিত রোগী দেখতে হয় আমাকে। হাতে সময় থাকে না। আর ছবির জন্য তো লম্বা সময় বের করতে হয়। তাই ছবির কাজ করা হয়নি। সবশেষ ‘ড্যাশিং গার্লফ্রেন্ড’ নাটকে অভিনয় করলাম। গত ২৯শে আগস্ট ক্রিয়েটিভ ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশের পর থেকে ভালো সাড়াও পাচ্ছি। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত দন্ত চিকিৎসক নায়লা নাঈম। ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে ২০১২ সালে স্নাতক শেষ করেছেন তিনি। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন। গানের ভিডিওতে বা স্টিল ছবিতে মডেল হিসেবে বেশ সাহসী দৃশ্যেও ক্যামেরার সামনে কাজ করেছেন তিনি।