দিন দিন বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসীর চিকিৎসা সেবায় আস্থা অর্জন করেছে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল। প্রায় সময় এ হাসপাতালে চার গুণ বেশি রোগী চিকিৎসাধীন থাকলেও তাদের সেবা দেওয়ার চিকিৎসক সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে।
বর্তমানে হাসপাতালের অর্ধেকেরও বেশি চিকিৎসক পদ শূন্য রয়েছে। চিকিৎসক-কর্মকর্তাসহ ২২৪টি পদের বিপরীতে তিন শিফটে কর্মরত রয়েছেন মাত্র ৯৯ জন চিকিৎসক। এরমধ্যে হাসপাতাল প্রতিষ্ঠার ৪৯ বছরে গত শনিবার ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন শেবাচিম হাসপাতালে। ওইদিন হাসপাতালের আন্তঃবিভাগেই এক হাজার ৯৭৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
সূত্রমতে, ১৯৭০ সালে শেবাচিম হাসপাতালে ৩২৪ শয্যায় রোগীর চিকিৎসা কার্যক্রম শুরু হয়। পরে সেটি ৫০০ শয্যায় উন্নীতকরণ করা হয়। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০০ শয্যার হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীতকরণ করেন। হাসপাতালে বিভিন্ন রোগের সেবায় আউটডোর-ইনডোরে মোট ২৮টি বিভাগে রয়েছে ৪৪টি ইউনিট। দিন যতোই বাড়ছে ততোই বাড়ছে রোগীর সংখ্যা। তাই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), স্ক্যান (এনআইসিইউ), বার্ণ ও প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজি, মেডিসিন, নিউরো মেডিসিন, গ্যাসট্রো অ্যানটোলজি, নেফ্রোলজি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, পেডিয়াটিক সার্জারি, ইউরোলজি, চক্ষু, নাক-কান-গলা, অর্থোপেডিক, গাইনি, আবস্টোট্রিকস, শিশু রোগ, নিউনেটোলজি, আইসোলেশন ও মানসিক রোগ বিভাগে শয্যা না পেয়ে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে।
হাসপাতালের এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিবছর প্রায় ছয় লাখ রোগী এ হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। কিন্তু চলতি বছরে এই সংখ্যা আরও বেড়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর সাত লাখেরও বেশি রোগী চিকিৎসাসেবা নিবেন এ হাসপাতাল থেকে। যার অন্যতম উদাহরণ শনিবার (২৪ ঘণ্টায়) হাসপাতালের আন্তঃবিভাগে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৯৭৯ জন রোগী। যা হাসপাতাল প্রতিষ্ঠার ৪৯ বছরে এই প্রথম। শনিবার ভর্তি হওয়া এক হাজার ৯৭৯ জন রোগীর মধ্যে ৪৯১ জনই শিশু রোগী। এ ছাড়া মেডিসিন বিভাগের চারটি ইউনিটে রয়েছেন ৪৫৬ জন ও সার্জারি বিভাগের চারটি ইউনিটে রয়েছে ২৭২ জন রোগী। পাশাপশি ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৮৩ জন রোগী।
অপরদিকে হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীতকরণের ঘোষণা দেওয়া হলেও বিগত সাত বছর ধরে পাঁচশ’ শয্যার জনবলসহ অর্গানোগ্রামেই চলছে হাসপাতালের কার্যক্রম। সেখানে চিকিৎসক থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর তীব্র সংকট রয়েছে। বিশেষ করে চিকিৎসক সংকট চরমে।
শনিবার (২৪ আগস্ট) এ হাসপাতালে চিকিৎসক-কর্মকর্তাসহ ২২৪টি পদের বিপরীতে তিন শিফটে কর্মরত ছিলেন মাত্র ৯৯ জন চিকিৎসক। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক সংকট কিছুটা কম থাকলেও আন্তঃবিভাগে এ সংকট আরও চরমে। এ বিভাগে ৩৩ জন রেজিস্ট্রার পদে ১৮টি শূন্য, ৬৬টি সহকারী রেজিস্ট্রার পদের ৪৮টি, ১০টি অ্যানেসথেসিওলজিস্ট পদে চারটি, ১০টি ইএমও পদের দুইটি, ২০টি মেডিকেল কর্মকর্তা পদের ১৮টি ও ২০টি ইনডোর মেডিক্যাল অফিসর পদের ১১টি শূন্য রয়েছে।
একই অবস্থা বিরাজ করছে হাসপাতালের আউটডোরের চিকিৎসকদের পদের ক্ষেত্রেও। প্রতিদিন আউটডোরে তিন হাজারের অধিক রোগীকে সেবা দিচ্ছেন হাতেগোনা কয়েকজন চিকিৎসক। বহির্বিভাগের ৪৬ জন এমও, সহকারী সার্জন ও ডেন্টাল সার্জনের মধ্যে ২২টি পদই শূন্য। একইভাবে প্যাথলজি বিভাগের আটটি, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট পদের তিনটি পদই শূন্য। আর সেখানেই প্রতিদিন গড়ে পাঁচশ’ রোগীর রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। হাসপাতালের দ্বিতীয় শ্রেণির নার্স ও কর্মকর্তাদের ৮০৬টি বিভিন্ন পদের মধ্যে মাত্র ৩৭টি পদ শূন্য থাকলেও তৃতীয় শ্রেণির ১০২টি পদের মধ্যে ৩১টি ও ৪২৬টি চতুর্থ শ্রেণির কর্মচারীর পদের মধ্যে ১১৮টি পদই শূন্য রয়েছে।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জনকণ্ঠকে বলেন, বিপুল পরিমাণ রোগীর সেবার দায়িত্বে থাকা পদের অর্ধেকেরও কম চিকিৎসকসহ জনবল নিয়ে সাধ্য অনুযায়ী রোগীদের সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকসহ জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।