যশোরের বেনাপোল স্থলবন্দরের সাবেক সুপারিন্টেনডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দরের সাবেক সুপারিন্টেনডেন্ট ও বর্তমান ওয়্যারহাউজের অডিট কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম এ মামলা করেন। আদালতের বিচারক অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে, বেনাপোল স্থলবন্দরের ওয়্যারহাউজ পোস্টিং শাখার সুপার আবু মুছা মোহাম্মদ তারেক, প্যাকিং শাখার রোকনুজ্জামান আবেদিন, ফায়ার শাখার জালালুর রহমান শিকদার, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড শেডের সুপার মঈনুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক মনির হোসেন মজুমদার, রজস্ব দফতরের সুপার জিল্লুর রহমান, ২নং সেডের সুপার বাবুল, ৩৭ নং সেডের ট্রাফিক সুপার জাবেদ বিল্লাহ ও কম্পিউটার অপারেটর মাহাবুবুর রহমান।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা বেনাপোল স্থলবন্দরের চিহ্নিত দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ অর্থ আদায় করে থাকেন। মামলার বাদী বর্তমান অডিট কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম একজন সৎ কর্মকর্তা। কর্মরত থাকা অবস্থায় অবৈধ অর্থ আদায় নিয়ে তাদের সাথে প্রায়ই গোলযোগ হতো। এতে আসামিরা তার উপর চরমভাবে ক্ষিপ্ত হয়। যার জের ধরে ২০১৭ সালের ২ অক্টোবর রাতে আসামিরা ব্যারাক হাউজে ঢুকে আশরাফুলকে বেদম মারপিট করার পর মৃত ভেবে ফেলে যায়। যাওয়ার সময় আসামিরা নগদ টাকা, ল্যাপটপসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ হয়ে এদিন যশোরের আদালতে এ মামলাটি দায়ের করেছেন।