চট্টগ্রামে এবার নিরাপত্তারক্ষীর হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে শহরের পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ওই ঘটনাটি ঘটে। প্রতিবাদে অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলও করেছেন। এদিকে ঘটনার পর পালিয়েছেন অভিযুক্ত নিরাপত্তারক্ষী দীপক দে (৪২)। দীপক পাহাড়তলীর ফইল্ল্যাতলী এলাকার ননী গোপাল দের ছেলে। বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার এসআই সুমিত দাশ।
পুলিশ ও স্থানীয় অভিভাবক সূত্র জানায়, সকাল ৮টায় প্রাক প্রাথমিক শ্রেণির কিছু ছাত্রী বিদ্যালয়ে আসেন। এরপর কৌশলে তাদেরকে একটি কক্ষে নিয়ে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে ওই বিদ্যালয়ের নিরাপত্তারক্ষী দীপক। একপর্যায়ে শিক্ষার্থীরা কান্না করলে দীপক পালিয়ে যায়। আর ঘটনাটি আশপাশে জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে তারা বিক্ষোভও করেছেন। ঘটনার পর স্কুল থেকে পালিয়েছেন অভিযুক্ত দীপক। পাঠানতুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে বিদ্যালয়ে এসে দীপককে দেখিনি। তিনি মোবাইল বন্ধ করে দিয়ে পালিয়েছেন। শিক্ষার্থীরা এ বিষয়ে আমার কাছে অভিযোগ করেছেন। তাকে আটক করতে পুলিশের অভিযান চলছে।