নাচের রিয়েলিটি শো ‘নাচ বলিয়ে’র নবম মৌসুমে ছোটপর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার সালমান খান। শোটি প্রযোজনা করছেন সালমান। শুধু তাই নয়, উদ্বোধনপর্বে মণীষ পালের সঙ্গে সঞ্চালনও করেছেন এ মহাতারকা। এরইমধ্যে সাবেক পাঁচ যুগলকে পরিচয় করিয়ে দিয়েছেন সালমান, কিন্তু কারা বিচারক হচ্ছেন, তা এখনো অপ্রকাশিত।
অবশ্য দুজন বিচারক সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন সালমান। বলেছেন, একজন নামকরা চিত্রনির্মাতা আর অন্যজন জনপ্রিয় অভিনেতা। গুঞ্জন বলছে, এই শোর বিচারক হিসেবে আবির্ভূত হচ্ছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।
আজ রাত ৮টায় স্টার প্লাস চ্যানেলে সালমান খান বিচারকদের নাম প্রকাশ করবেন।
গতকাল শুক্রবার রোমান্টিক নাচ দিয়ে এই শো শুরু করেন ভারতের জনপ্রিয় টিভি তারকা, ‘ইয়ে রিশতা কিয়া কেহলাতা হ্যায়’ অভিনেতা মহসিন খান ও শিবাঙ্গী যোশি। এবারের শোর নতুন ধারণা হলো, এতে সাবেক প্রেমিকযুগল অংশ নিচ্ছেন। এই ধারণার পেছনের কারণ কী, সালমানকে প্রশ্ন করেন শিবাঙ্গী।
উত্তরে সালমান বলেছেন, ‘যদি দুজন মানুষ একসঙ্গে পথ চলতে না পারে, তবে প্রত্যেককেই মেনে নেওয়া উচিত। একটি ক্ষেত্রে যদি নাও মেলে, তবুও একত্র হওয়া যায়, একসঙ্গে কাজ করা যায়। বিচ্ছেদের পরেও ছেলেমেয়েরা বন্ধু হতে পারে, অবশ্য তা নির্ভর করে।’