যৌন হয়রানি এবং এতে গণ সচেতনতা তৈরীর লক্ষে চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) এক কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে ‘যৌন হয়রানি সচেতনতা এবং প্রতিরোধ প্রশিক্ষণ’ শীর্ষক দুই সেশনে পৃথক ওই কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওম্যান অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক অমিয় সৃজন সাম্য। এসময় যৌন হয়রানি অভিযোগ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অনন্যা নন্দীর সার্বিক তত্ত্বাবধানে কর্মশালার প্রথম সেশনে ইডিইউর শিক্ষার্থী এবং দ্বিতীয় সেশনে ফ্যাকাল্টি মেম্বার ও কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, মানবিক গুণাবলী হচ্ছে মানুষের জীবনযাপনের মূল বুনিয়াদ।
এটি হারিয়ে যাচ্ছে বলেই যৌন হয়রানির মতো বিষয়গুলো দিন দিন বেড়েই চলেছে। সামাজিক মিডিয়াগুলোতে এসব হয়রানির মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। কোন কোন খবর ভাইরাল হচ্ছে ফেইসবুকে। ফলে আমাদের অভ্যাসগুলোতে নেতিবাচক এক পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এটি হ্রাস করতে প্রয়োজন মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা দেয়া। অপরকে সম্মান করতে শেখানো। এ প্রবণতা রোধের লক্ষ্যে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির পলিসি নির্ধারণে আমরা শাস্তি নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের সুকুমার বৃত্তিগুলোকে জাগিয়ে তোলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই উক্ত বিষয়ে আমরা জিরো টলারেন্স দেখিয়েছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান বলেন, যৌন হয়রানি রোধে বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠানে পলিসি নির্ধারণে ঠিকভাবে কাজ করা হয়নি। তবে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ব্যতিক্রম।
ইতোমধ্যে এ বিষয়টির সকল দিক বিবেচনায় রেখে পলিসি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশ বজায় রাখার লক্ষে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে বিভিন্ন পদক্ষেপও নেয়া হয়েছে। কর্মশালায় অমিয় সৃজন বলেন, যৌন হয়রানির শিকার ব্যক্তিরা মানসিক ট্রমায় আক্রান্ত হয়। অনেক সময় এতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্থ হয়। তাই এ ধরণের হয়রানি শুধুমাত্র মানবাধিকারের লঙ্ঘনই নয়, বরং শাস্তিযোগ্যও অপরাধ বটে। এতে কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক সৈয়দ শফিক উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়–য়া, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন ও স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির প্রমুখ।