ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠানে ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল এবার শেষ ছয়ের লড়াইয়ে গাইলেন হাসানের জনপ্রিয় গান ‘এত কষ্ট কেন ভালোবাসায়’।১৩ জুলাই, শনিবার নোবেল তার ফেসবুক পেজে গানটি আপলোড করেছেন।
গানটি গাওয়ার পর আগের পর্বগুলোর মতো এবারেও বিচারকদের কাছ থেকে বেশ ভালো ভালো মন্তব্য পেয়েছেন নোবেল। বিচারক প্যানেলের সকলেই এ সময় নোবেলের গায়কীর বেশ প্রশংসা করেন।
সারেগামাপাতে এর আগে নোবেলের গাওয়া অনেকগুলো গান বেশ জনপ্রিয় হয়েছে। বিচারকদের কাছ থেকেও নোবেল বেশ ভালো ভালো মন্তব্য পেয়েছেন। নোবেল সারেগামাপাতে তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটির মাধ্যমেই সর্বপ্রথম জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সেই গানটি।
এ ছাড়া অনুপম রায়ের জনপ্রিয় গান ‘আমাকে আমার মতো থাকতে দাও’, কলকাতায় প্রতিষ্ঠিত বাংলা স্বাধীন রক সংগীত ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র জনপ্রিয় গান ‘আলোকবর্ষ দূরে’ ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানও নোবেল সারেগামাপাতে গেয়ে বেশ জনপ্রিয়তা পান।
ভারতীয় টেলিভিশন চ্যানেল জি-বাংলায় আগামি ২৮ জুলাই প্রচার হবে ‘সারেগামাপা’র গ্রান্ড ফিনালে।