চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রেমের দ্বন্দ্বে ‘বন্ধুর হাতে’ এক কিশোর খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক জানান, গত শুক্রবার বিকালে মোমিন (১৪) নামে এই কিশোর খুন হয়। মোমিম সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন ইলুর ছেলে। পরিদর্শক খালেক প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, মোমিন ও তার একই গ্রামের সমবয়সী ঘনিষ্ঠ বন্ধু একই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। গত শুক্রবার বিকেলে ওই বন্ধু মোমিনকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। লাশ মাথাভাঙ্গা নদীর পানিতে ডালপালার নিচে লুকিয়ে রাখে। নদীর পারে রক্ত ও মোমিনের স্যান্ডেল দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে সন্দেহবশত শাফায়েতকে আটক করে। জিজ্ঞাসাবাদে শাফায়েত হত্যাকা-ের কথা স্বীকার করেন। পরে শাফায়েতের দেওয়া তথ্যমতে রাত ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে বলে তিনি জানান। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।