বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টে ১০% কর্তনের আদেশের প্রতিবাদে মুলাদীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মুলাদী-মীরগঞ্জ সড়কের রেইন্ট্রিতলা এলাকায় উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাজিরপুর প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন, সহ-সভাপতি দড়িচরলক্ষ্মীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন আহমদ, সদস্য গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীন, সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ। পরে শিক্ষকরা অতিরিক্ত টাকা কর্তনের আদেশ বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেন।