সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে আপাতত ভারতেই থাকবেন। বুধবার (১৪ আগস্ট) এমনটাই জানিয়েছেন দেশের একটি গণমাধ্যম।
এছাড়া ভারতের গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, যেমনটা আশা করা হয়েছিল তার চেয়ে বেশি সময় ভারতে থাকবেন শেখ হাসিনা। তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন না। তার বদলে ভিসার ভিত্তিতে অবস্থান করবেন।
উল্লেখ্য, শেখ হাসিনা যখন ভারতের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন, তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে যে শেখ হাসিনা যুক্তরাজ্যে আসছেন।
এছাড়া ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। কারণ তার ছোট বোন শেখ রেহানা ব্রিটেনের নাগরিক। এ ছাড়া শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন রাজনীতিক ও সংসদ সদস্য।
শেখ রেহানার পরিবারের ঘনিষ্ঠ ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জামাল আহমদ খান মঙ্গলবার জানিয়েছেন, ‘শেখ হাসিনা যুক্তরাজ্যে অ্যাসাইলামের আবেদন করে ব্যর্থ হয়েছেন বলে যে প্রচারণা, সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের কোনো আবেদনই করেননি।’