সাতক্ষীরার কালিগঞ্জে ১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাছুম বিল্লাহ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় ফেনসিডিল পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক মাছুম বিল্লাহ উপজেলার নলতা ইউনিয়নের পশ্চিম সেহারা গ্রামের সিদ্দিক গাজীর ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে থানার উপপরিদর্শক প্রদীপ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা নলতা শরীফ মোড়ে অবস্থান নেন। এ সময় কালিগঞ্জ থেকে নলতা অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে এর সাইডবক্সে বিশেষ কৌশলে রাখা ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাছুম বিল্লাহকে আটক করা হয়। জব্দ করা হয় লাল রঙের ডায়াং মোটরসাইকেলটি (যশোর হ-১৫-৭৫০১)। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক কিশোরকে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে যশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে।