নওগাঁর মহাদেবপুরে বিরোধীয় জমির দখল নিতে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারপিটের অভিযোগ করা হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের জোয়ানপুর পূর্বপাড়া গ্রামের জাকের হোসেন ধলুর স্ত্রী রশিদা বেগম অভিযোগ করেছেন যে, তাদের বসতবাড়ি সংলগ্ন জমি নিয়ে ওই গ্রামের মৃত অবার ছেলে মোহাম্মদ আলীর (৫০) সঙ্গে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলা হলে আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ওই জমির দখল নিতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় মোহাম্মদ আলী, তার স্ত্রী মাসুদা বেগম, ছেলে রেজাউল ইসলাম ও আলতাফ হোসেনের ছেলে সাগরসহ ২০-২৫ জন ভারাটিয়া লাঠিয়াল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে তাদের মারপিটে তিনি নিজে, তার জা মিলি বেগম, দেবর মানিক হোসেন ও ভাতিজা আকাশ হোসেন মারাত্মক আহত হন। সন্ধ্যায় এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানতে চাইলে প্রতিপক্ষ রেজাউল ইসলাম জানান, তারা ওই বাড়ি সংলগ্ন জমি কিনেছেন। সে জমিতে কাজ করতে গেলে অপরপক্ষ তাদের উপর হামলা করে। তাদের মারপিটে তিনি নিজে, তার মা ও সাগর মারাত্মক আহত হয়েছেন।
মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।